৪১ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দুই প্রান্ত ছুঁয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের বাস্তব রূপ নিচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাজিরার মানুষ আতসবাজি জ্বালিয়ে ও ফানুস উড়িয়েছে পদ্মাপারে। স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুর উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করেছে আওয়ামী লীগ।সেতুতে শেষ স্প্যান বসানোকে কেন্দ্র করে দিনভর জাজিরার নাওডোবা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা নদী ছিল নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। সাধারণ মানুষের প্রবেশ ছিল সংরক্ষিত।
কিন্তু দেশের এমন স্বপ্ন বিজয়ে জাজিরা মানুষের অংশগ্রহণ রাখতে স্থানীয় আওয়ামী লীগ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আতসবাজি জ্বালানো ও ফানুস উড়ানোর অনুষ্ঠানের আয়োজন করে।
নাওডোবায় পদ্মা সেতুর টোলপ্লাজার পাশে সেতুর সংযোগ সড়কে সন্ধ্যা ৬টা হতে ৭টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান,আওয়ামী লীগ নেতা আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানটিকে জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ জড়ো হয়। স্প্যান ওঠানো নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে জাজিরার মানুষ উচ্ছ্বাসে ফেটে পরে। অনেকে নদীর তীরে জড়ো হন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন,পদ্মা সেতু আমাদের প্রাণের দাবী ছিল। জাজিরায় সেতু নির্মাণের জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আজ সেই স্বপ্নের সেতুটি বাস্তবে রূপ নিচ্ছে। এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইল।
মুঠোফোনে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, পদ্মা নদী দক্ষিণাঞ্চলের মানুষকে কষ্টই দিত। এখন আমাদের কষ্টের দিন শেষ হওয়ার পালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণে আমরা গর্বিত। করোনার কারণে ব্যাপকভাবে উদযাপন করতে পারিনি। এলাকার মানুষের অনুরোধে আতসবাজি জালানোর উদ্যোগ নেয়া হয়।